খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে সার্ভিস লেনে  বাড়ছে জনদুর্ভোগ  

জাহাঙ্গীর আলম শরীফ, কালিয়াকৈর প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে সার্ভিস লেনে  বাড়ছে জনদুর্ভোগ  
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক সংলগ্ন N4 (ঢাকা-টাঙ্গাইল) জাতীয় মহাসড়কের ফ্লাইওভারের নিচের সার্ভিস লেনে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, কালিয়াকৈর বাজার থেকে গোয়ালবাথান, হরতকীতলা ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নিচ দিয়ে সার্ভিস লেন ব্যবহার করে ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করে আসছেন। তবে সম্প্রতি সার্ভিস লেনে চলাচলের সময়ও অনেক অটোরিকশা আটক করে জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একাধিক অটোরিকশা চালক জানান, তারা মূল মহাসড়কে না উঠে সার্ভিস লেন ব্যবহার করলেও অভিযানের মুখোমুখি হচ্ছেন। এতে তাদের জীবিকা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ যাত্রীদের দুর্ভোগও বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চন্দ্রা ও আশপাশের এলাকা থেকে অনেক রোগী ব্যাটারিচালিত অটোরিকশায় করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রোগী নামিয়ে ফেরার সময় অনেক চালককে জরিমানার সম্মুখীন হতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
সরেজমিনে দেখা গেছে N4 (ঢাকা-টাঙ্গাইল) জাতীয় মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর হাইটেক পার্ক অংশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা যে সার্ভিস লেন (Slow moving vehicles diversion) তৈরি করা হয়েছে তা অধিকাংশে অবৈধ পার্কিং এর কারণে বন্ধ থাকে। ফলে চন্দ্রা থেকে কালিয়াকৈর বাজারে যাতায়াতকারী ধীরগতির যানবাহনগুলো তখন মুল হাইওয়ে উঠে পড়ে। খাড়াজোড়া থেকে কালিয়াকৈর বাজারে যাওয়ার পুরাতন রাস্তায় যেতে হলে হাইটেক পার্ক সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের নিচে দিয়ে পারাপার হতে হয়। বর্তমানে প্রায় প্রতিদিন হাইওয়ে পুলিশের একটা গাড়ি এই ব্রিজের নিচে অবস্থান করে অটোরিকশা আটকে জরিমানা করছে। মানবিক দিক দিয়ে এটা কতোটা যৌক্তিক সেই প্রশ্ন থেকেই যায়।
 এদিকে কয়েকজন চালক আরও অভিযোগ করেন, হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তার সাথে মাসিক মাসোহারার চুক্তিতে প্রচুর অটোরিকশা চন্দ্রা থেকে কালিয়াকৈর বাজার পর্যন্ত নিয়মিত চলাচল করছে। যারা এই চুক্তি করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো লিখিত বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট সার্ভিস লেনটি যদি ধীরগতির যানবাহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সেখানে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সার্ভিস লেন ব্যবহারের নিয়মাবলি সম্পর্কে সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা প্রদানের দাবি জানান।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কালিয়াকৈর হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস