খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীর বাঘায় ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি : আটক ২

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
রাজশাহীর বাঘায় ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি : আটক ২

রাজশাহীর বাঘায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২ জন ভুয়া পুলিশকে আটক করেছে বাঘা থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার চিথুলিয়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: হাসিবুল হাসান (২৪) এবং একই থানার মাড়িয়া গ্রামের হাকিমুদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে আটককৃতরা আরও একজন সহযোগীসহ আড়ানী পিয়াদাপাড়া গ্রামের আরিফা বেগম (৩২), স্বামী- মো: রানা মিয়ার বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় কোমরে খেলনা পিস্তল ঝুলিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ৬০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা।

এরপর গতকাল ৬ আগস্ট বিকেলে তারা পুনরায় একই বাড়িতে চাঁদা নিতে গেলে তাদের আচরণে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে স্থানীয় জনগণের সহায়তায় ২ জনকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল কভারসহ, তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় ভুয়া পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ০৪(০৮)২৬। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসিবুল ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চাকরিকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৫ সালে ১৩ বেঙ্গল, সিলেট সেনানিবাস কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। এরপর নিজ এলাকায় ফিরে সে একটি অপরাধী চক্র গড়ে তোলে এবং বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল।

এ বিষয়ে বাঘা থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস