মা-হারা অসুস্থ শিশুর পাশে দুর্গাপুরের ইউএনও নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান, চিকিৎসার আশ্বাস
রাজশাহীর দুর্গাপুরে মা-হারা দুই বছরের অসুস্থ শিশু সিন্থিয়ার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
বুধবার সকালে তিনি উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে শিশুটির বাড়িতে ছুটে যান এবং পরিবারটির হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ফলমূল তুলে দেন। একইসঙ্গে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা বেগম (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। দুই বছরের কন্যা সিন্থিয়াকে রেখে তিনি নিখোঁজ হওয়ায় শিশুটি বর্তমানে মাতৃহীন। শিশুটি শারীরিকভাবে অসুস্থ, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। দরিদ্র পরিবারটির পক্ষে শিশুটির চিকিৎসা ও ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে।
বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদের মাধ্যমে জানতে পারেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা। খবর পেয়েই তিনি বুধবার সকালে সরাসরি শিশুটির বাড়িতে যান। সেখানে শিশুটির শারীরিক অবস্থা ও পরিবারের সার্বিক আর্থিক সংকটের খোঁজখবর নেন। পরে তাৎক্ষণিকভাবে পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা, খাদ্যসামগ্রী ও ফলমূল তুলে দেন।
এ বিষয়ে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন,সকালে শিশুটিকে দেখতে তাদের বাসায় গিয়েছিলাম। পরিবারের সচ্ছলতা না থাকায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শিশুটির চিকিৎসা প্রয়োজন। তাই পরিবারটিকে উপজেলা কার্যালয়ে আসতে বলা হয়েছে। আমরা তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এদিকে সরকারি কর্মকর্তা হয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহায়তা করায় স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ইউএনও। স্থানীয়রা জানান, দুর্গাপুরে যোগদানের পর থেকেই তিনি শুধু প্রশাসনিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ না থেকে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। এ কারণে তিনি সাধারণ মানুষের কাছে ‘মানবিক কর্মকর্তা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

আপনার মতামত লিখুন