আশুলিয়ার জামগড়ায় তিতাসের অভিযানে গ্যাসের ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন!
ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে সাত শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ইং ) সকাল থেকে দিনব্যাপী তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে আশুলিয়ার জামগড়া গফুর মন্ডল স্কুল রোড ও সরকারি প্রাইমারি স্কুল রোড এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিম্নমানের পাইপ, রাইজার ও অবৈধ চুলা জব্দ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের কারণে গ্যাসের অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তাই এসব সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় থানা পুলিশ ও জেলা পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। জানুয়ারি মাসে আজ এই অভিযানসহ তিনটি অভিযান চালিয়েছেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন