জনকল্যাণের বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনকল্যাণমূলক বাজেটকে যারা গণবিরোধী বলে সমালোচনা করেন, তারা প্রকৃতপক্ষে জনগণের বন্ধু নন। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকারের প্রতিটি পদক্ষেপ জনকল্যাণকে কেন্দ্র করেই নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
এসময় প্রধানমন্ত্রী জানান, শ্রীমঙ্গলের সব নারী চা শ্রমিক পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবেন। এর মাধ্যমে তারা সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতায় আসতে পারবেন।
উদ্বোধনী কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরও একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
সফরসূচি অনুযায়ী, বিকেলে তিনি দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।



আপনার মতামত লিখুন