বেনাপোল বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন্দর পরিচালক
“দেশের বায়ু, দেশের মাটি—গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বন্দর দিবস উপলক্ষে নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করেন।
বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করবে বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে বেনাপোল বন্দর এলাকায় প্রায় ৫০০টি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় বন্দরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হবে।



আপনার মতামত লিখুন