শ্রীপুর সরকারি বন্দোবস্তের পুকুর সাব-লিজের অভিযোগ
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বনমল্লিকা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সরকারি বন্দোবস্তপ্রাপ্ত শ্রীমঙ্গল পুকুর তিন বছরের জন্য সাব-লিজ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির কয়েকজন সদস্য উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

অভিযোগকারী সদস্যদের দাবি, সরকারি বন্দোবস্তপ্রাপ্ত পুকুর কোনোভাবেই সাব-লিজ দেওয়ার আইনগত সুযোগ নেই। এরপরও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সদস্যদের স্বাক্ষর নিয়ে পুকুরটি তিন বছরের জন্য অন্যের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সদস্যপ্রতি ১৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সমিতির সদস্য ফারুক হোসেন বলেন, “অনেক সদস্য নিরক্ষর। তারা কী কাগজে স্বাক্ষর করছেন, সেটিও জানেন না। সরকারি পুকুর সাব-লিজ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য মো. মেহেদী হাসান (সালাম)। তিনি বলেন, “সমিতির ৬০ সদস্যের মধ্যে ৪০ জন লিখিত সম্মতি দিয়েছেন। তিন বছরের জন্য মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কারও কোনো ক্ষতি হবে না।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, সরকারি বন্দোবস্তপ্রাপ্ত সম্পত্তি সাব-লিজ দেওয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঁইয়াও বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি বন্দোবস্তপ্রাপ্ত সম্পত্তি নিয়ে ওঠা এ অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখছে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন