রামেক হাসপাতালে চিকিৎসাধীন বন্দীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) বুধবার, ৮ জুলাই ২০২৬ইং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের এক বন্দীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সিরাজুল ইসলাম, বয়স ৫০। আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে।
জেলার আরও জানান, কারাবন্দী সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেলা কারাগার থেকে রামেক হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তির পর বুধবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন জেলার আখেরুল ইসলাম। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মতামত লিখুন