গজারিয়ায় হাত-পা বেঁধে ডাকাতি, থানায় মামলা, ডাকাত চক্রের ৪ জন গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর স্টোর ও স্টেক ইয়ার্ডে কর্মকর্তা-কর্মচারীদের বেঁধে সাড়ে ৫ ঘণ্টা ধরে চালানো চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উন্মোচন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। একই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ভর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গজারিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামের মৃত সাফিজল হাওলাদারের ছেলে মাইন উদ্দিন (৪৫), একই উপজেলার জয়া গ্রামের অহিদ মাতাব্বরের ছেলে ছোটন (৩০), ঢাকার বাড্ডা থানার বড় বেড়াইত এলাকার শাফি উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম (২৬) এবং শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চর চান্দার মুন্সীকান্দি গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে আবুল খায়ের (৪০)। তাদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকার তেজগাঁও ও বাড্ডা এলাকায় বসবাস করতেন।
এবিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন বলেন, ঘটনার পর পর থানায় মামলা নেয়া হয়। চক্রটিকে ধরতে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযোক্তির সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের আরও সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মতামত লিখুন