৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ, অভিযুক্ত টিটিই সাময়িক বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় উচ্চতর তদন্তে দুটি পৃথক কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় আট ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন,রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বহিষ্কার।
ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন। একটি কমিটি রেলওয়ের অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে। অন্য কমিটিতে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা।
গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু করা।
ঘটনার অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট পুনরায় সভা আহ্বান।
এ বিষয়ে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন,শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোতে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করেছি। আমরা আশা করি তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, টিটিইর শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



আপনার মতামত লিখুন