বাগমারা উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম
রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম আজ বাগমারা উপজেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এবং ঝিকরা ইউনিয়নের মধ্যঝিনা-মদাখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় খাল পুনঃখনন কাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরে জেলা প্রশাসক মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির আওতায় বাগমারা উপজেলার নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এছাড়াও ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দুঃস্থ, অসহায়, স্বামী পরিত্যক্তা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্যানিটারি ন্যাপকিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও ফুটবল বিতরণ করা হয়।
পরিদর্শন শেষে বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম।
সভায় তিনি স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, চিকিৎসাসেবা ও শিক্ষা সংক্রান্ত নানা সংকট ও সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সকল দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন