মহাসড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স, কঠোর বার্তা রাজশাহী রেঞ্জ ডিআইজির
মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
সোমবার (১০ আগস্ট, ২০২৬) বিকাল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের,পদ্মা’ সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন ৮ জেলার বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি নিজেই।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিলো মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, যাত্রী ও পণ্য পরিবহনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারকরণ।
এ সময় মালিক সমিতির নেতারা মহাসড়কে বিভিন্ন স্থানে চাঁদাবাজি,পুলিশি হয়রানি সহ পরিবহন খাতের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ডিআইজি মহোদয় অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন,মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি ও হয়রানি বরদাস্ত করা হবে না। এ বিষয়ে রেঞ্জ পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
এছাড়াও সভায় ডিআইজি মহোদয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে,
* ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করা।
* বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা।
* অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই না করা।
* চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানো।
তিনি পরিবহন মালিকদেরও তাদের চালকদের নিয়মিত কাউন্সেলিং করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)রাজশাহীর পুলিশ সুপার,পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট)রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



আপনার মতামত লিখুন