রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি হেড অব ডেলিগেশনের মতবিনিময়
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি।
আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন রাসিক প্রশাসক মাহাফুজুর রহমান রিটন।
এর আগে একইদিন বিকেল সাড়ে ৩টায় নগর ভবনস্থ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন আইসিআরসি প্রতিনিধি। সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক ও সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটন।
সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু,সেক্রেটারি ডাঃ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডঃপারভেজ আজাহারুল হক ও শেখ মোঃ মামুন, ইউনিট লেভেল কর্মকর্তা মির্জা শামীম মহসিন,আইসিআরসি’র হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জেলিসা খানম এবং সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।
মতবিনিময়কালে নিকোলাস ফ্লিউরি রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। তিনি রাজশাহী কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিরাপত্তা,স্বাস্থ্যসেবা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আইসিআরসি’র মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের সময় অ্যাম্বুলেন্স সেবা ও অন্যান্য মানবিক কার্যক্রমের মাধ্যমে রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সংকটময় পরিস্থিতিতে মানবিক সেবায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণকে তিনি রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।



আপনার মতামত লিখুন