রাসিকের কার্যক্রম পরিচালনা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রশাসক নাগরিক সেবা আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে নগরবাসীর কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকমুক্ত যুব সমাজ গড়তে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিগগিরই প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ ও ফুটসাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাসিকের উদ্যোগে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরীজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন, আধুনিক শেল্টার হাউজ নির্মাণ এবং পদ্মার মিডল চরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সভায় গত ৩০ জুন অনুষ্ঠিত ১৩তম সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, গত ১৪ জুলাই অনুষ্ঠিত শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির ৫ম ও ৬ষ্ঠ সভার প্রস্তাবাবলী অনুমোদন, ২১ জুলাই অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভার প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া ৬নং ওয়ার্ড কার্যালয় ও নওদাপাড়া কাঁচা বাজার, লক্ষ্মীপুর-কাশিয়াডাঙ্গা সড়ক নির্মাণ প্রকল্পের জমি রেজিস্ট্রি এবং জেলা প্রশাসক আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল-২০২৬ এ রাসিক ফুটবল দলের অংশগ্রহণ ও ব্যয় অনুমোদন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, স্বাস্থ্য বিভাগের পরিচালক হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক,সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন