গাজীপুরে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে চলছে অবৈধ লটারি-জুয়া,নিঃস্ব সাধারণ মানুষ
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ‘গ্রামীণ হস্ত ও কুটির শিল্প মেলা’র নামে দিন-রাত অবাধে চলছে অবৈধ লটারি ও জুয়ার আসর। গাজীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে এ আয়োজন চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের তালহা ফ্যাশন সংলগ্ন শিল্প এলাকায় ‘ফ্রেম মিডিয়া অর্গানাইজেশন’-এর ব্যানারে মাসব্যাপী এই মেলার নামে অপকর্ম চালানো হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার ভেতর নানা বিনোদনের আড়ালে চলছে র্যাফেল ড্র ও জুয়াখেলা। মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইলসহ নানা আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। এই লটারির মোহে পড়ে স্থানীয় সাধারণ মানুষ, নিম্নআয়ের শ্রমজীবী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত অর্থ হারিয়ে নিঃস্ব হচ্ছেন।
অভিযোগের বিষয়ে মেলার মূল আয়োজকের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব না হলেও, উপস্থিত ম্যানেজার মোঃ সুহেলমিয়া,ও মোঃ ‘রহমান’ নাম পরিচয় দিয়ে সাংবাদিকদের অর্থ দিয়ে ম্যানেজ করার অপচেষ্টা চালান।
এদিকে, মেলাকে কেন্দ্র করে এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় স্থানীয় সুশীল সমাজ ও বিএনপির নেতৃবৃন্দের মাঝেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
মেলা প্রাঙ্গণে চলমান এসব অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন