খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

ভালুকায় র‍্যালি ও উদ্ধার মহড়ায় দুর্যোগ মোকাবিলার বার্তা

হাবিব হাসান
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
ভালুকায় র‍্যালি ও উদ্ধার মহড়ায় দুর্যোগ মোকাবিলার বার্তা

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতির বার্তা নিয়ে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে র‍্যালি, উদ্ধার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।

উদ্ধার মহড়ায় দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া এবং বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। প্রতিটি পরিবারকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহিদুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রস্তুতিমূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্মিলিত উদ্যোগ ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে নিরাপদ ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস