ভালুকায় র্যালি ও উদ্ধার মহড়ায় দুর্যোগ মোকাবিলার বার্তা
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতির বার্তা নিয়ে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে র্যালি, উদ্ধার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।
উদ্ধার মহড়ায় দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া এবং বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। প্রতিটি পরিবারকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহিদুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রস্তুতিমূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্মিলিত উদ্যোগ ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে নিরাপদ ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]