হতাহত ১২৬
নাইজেরিয়াতে ট্যাঙ্কার উলটে ছড়িয়ে পড়লো তেল
নাইজেরিয়াতে একটি পেট্রোলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১২৬ জন হতাহত হয়েছেন। দেশটির নাইজার প্রদেশে শনিবার (১৮ জানুয়ারি) চলন্ত ট্যাঙ্কারটি হঠাৎ উলটে গিয়ে তেল ছড়িয়ে পড়ে। সেগুলো সংগ্রহের আশায় এগিয়ে গেলে বিস্ফোরণে অনেকে হতাহত হন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নাইজার প্রদেশের ফেডেরাল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার সুকওয়াম বলেছেন, মারা যাওয়া অধিকাংশই ছিলেন স্থানীয় হতদরিদ্র ব্যক্তি। ট্রাক উলটে তেল ছড়িয়ে পড়লে সেগুলো সংগ্রহের আশায় তারা এগিয়ে গেলে বিস্ফোরণের শিকার হন।
বিবৃতিতে আরও বলা হয়, আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের দেহ উদ্ধারে প্রচেষ্টা চলমান আছে। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, ধর্মীয় রীতি অনুসারে মৃতদের সৎকারের জন্য স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষের লোকদের কবর খুড়তে দেখা গেছে। আফ্রিকার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে নাইজেরিয়া। এর নাইজার প্রদেশ মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ। জীবনযাত্রার ব্যয় মাত্রাছাড়া বৃদ্ধি পাওয়ায় এমনিতেই প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে নাইজেরিয়ার মানুষ। অথচ এই দেশটি আফ্রিকার মহাদেশের সর্বোচ্চ তেল উৎপাদনকারী।
২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা তিনুবু দায়িত্ব নেওয়ার পর এক দশকের পুরোনো ভর্তুকি প্রথা বাতিল করলে নাইজেরিয়ায় পেট্রোলের দাম ৪০০ শতাংশের বেশি বেড়ে গেছে। নাইজারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বোলোজি ইব্রাহিম বলেছেন, পেট্রোল ট্যাঙ্কারের সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দাদের উচিত সর্বপ্রথম নিজেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া।

আপনার মতামত লিখুন