ইরানের তিনটি সীমান্তপথ পুনরায় চালুর সময়সূচি ঘোষণা ইরাকের
ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি কর্তৃপক্ষ ইরাকের সঙ্গে ইরানের তিনটি সীমান্তপথ রোববার পুনরায় চালুর সময়সূচি ঘোষণা করেছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলার একদিন পর এসব সীমান্তপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবার রাতে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইরান সীমান্তবর্তী মিসান প্রদেশের সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে বাগদাদ। কর্তৃপক্ষ তদন্ত করে জানতে পারে, ওই এলাকা থেকে ড্রোনগুলো ছাড়া হয়েছিল।এরপর সীমান্ত ব্যবস্থাপনা পুনর্গঠন ও নিরাপত্তা লঙ্ঘন ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদারের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনটি সীমান্তপথ বন্ধ করে দেয় সরকার।
ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা শনিবার এএফপিকে জানান, মিসানের আল-শিব সীমান্তপথের কাছে ড্রোন উৎক্ষেপণের সরঞ্জাম পাওয়া গেছে।
সরকারের নিরাপত্তাবিষয়ক মিডিয়া সেল রোববার জানায়, ‘সীমান্তপথগুলোর কার্যক্রম পর্যালোচনার পর’ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে যাত্রী ও বাণিজ্যের জন্য এগুলো খুলে দেওয়া হবে।সীমান্তপথ তিনটি হলো— বসরার শালামশেহ, মিসানের আল-শিব ও দিয়ালার আল-মানদালি।
সরকারের মিডিয়া সেল জানায়, রোববার শালামশেহ ও আল-শিব যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রমের জন্য এগুলো এখনো খোলা হয়নি।ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটও বলেছে, তারা পাইপলাইনে হামলা চালায়নি। তবে সৌদি আরব এর আগে ইরাকি গোষ্ঠীগুলোকে দেশটির তেল অবকাঠামোতে হামলার জন্য অভিযুক্ত করেছিল।

আপনার মতামত লিখুন