খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
ছাত্র-জনতার আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করেছেন। রেলওয়ে স্টেশনের ছাদ ভেঙের পড়ার ভয়াবহ ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ-আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসির। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুচেভিচ বলেন, পরিস্থিতি যেন আরও জটিল না হয়ে ওঠে এবং দেশে যেন আর উত্তেজনা না বাড়ে, সে জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গত নভেম্বরে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে এক রেল স্টেশনের কংক্রিটের ছাদ ভেঙে পড়লে অন্তত ১৫ জনের প্রাণ যায়। এর জেরে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে।

 

তখন থেকে হাজার হাজার মানুষ রাস্তায় অবস্থান নেন। তারা ছাদ ভেঙে পড়ার জবাবদিহিতা দাবি করেন। স্টেশনের নির্মাণ ও সংস্কার প্রকল্পে দুর্নীতি ও দেখভালের অভাব ছিল, এমন অভিযোগ এনে তারা বিক্ষোভে নামেন। নোভি সাদের ওই স্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় জড়িত থাকার দায়ে সাবেক পরিবহনমন্ত্রী গোরান ভেসিকসহ কয়েক ডজন লোক অভিযুক্ত হয়েছেন। পরিবহনমন্ত্রী ওই ঘটনার পরপরই পদত্যাগ করেন। সার্বিয়ার সাম্প্রতিক এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দেন। তারা প্রতিদিন ট্রাফিক বন্ধ রাখেন এবং বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দেন। গত ডিসেম্বরে প্রায় এক লাখ নাগরিক বেলগ্রেডের এক বিক্ষোভে অংশ নেন।

 

গত শুক্রবার সাধারণ ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়ে বহু সার্বিয়ান কাজ থেকে বিরত ছিলেন। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সবচেয়ে ব্যস্ত সড়কে ২৪ ঘণ্টার অবরোধ চলাকালে সরকারপন্থী সমর্থক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষে এক নারী শিক্ষার্থী আহত হন। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে সন্ধ্যায় সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেন, তিনি আন্দোলনে নানা ঘটনায় অভিযুক্ত ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমা করবেন। সরকারে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন, মন্ত্রিপরিষদের অর্ধেকেরও বেশি সদস্যকে সরিয়ে দেওয়া হবে। মিলোশ ভুচেভিচ সার্বিয়ার ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির নেতা। এক বছরেরও কম সময় ধরে তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি এর আগে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি নোভি সাদ শহরের মেয়রের দায়িত্ব পালন করেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস