গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এই সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ার। এর মধ্যেই হামাস এই সপ্তাহে আরও ছয় জিম্মির মুক্তির পাশাপাশি দুই শিশুসহ চারজনের মরদেহ হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার হামাসের গাজা শাখার নেতা খলিল আল-হায়্যা জানান, বৃহস্পতিবার চারজনের মরদেহ হস্তান্তর করা হবে। যার মধ্যে বিবাস পরিবারের সদস্যরাও রয়েছেন। শনিবার ছয়জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও এই চুক্তি নিশ্চিত করেছে। তবে জিম্মিদের নাম প্রকাশ করা হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় আটক হওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে বিবাস পরিবার সবচেয়ে বেশি আলোচিত। এক বছরেরও কম বয়সী কিফির বিবাস ও তার চার বছর বয়সী ভাই এরিয়েলকে নিয়ে এই পরিবারকে আটক করা হয়েছিল। তাদের বাবা ইয়ারডেন বিবাস গত মাসে মুক্তি পেলেও মা শিরি ও শিশু দুজনকে মুক্তি দেওয়া হয়নি। হামাস গত বছর দাবি করেছিল, শিরি ও শিশু দুজন ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে। তবে ইসরায়েল তাদের মৃত্যু নিশ্চিত করেনি।

আপনার মতামত লিখুন