হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় আরও ১০ জন আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের শরীরে কারোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে, গতকাল (১০ জুন) ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০৯ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। এতে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১২১ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।



আপনার মতামত লিখুন