গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, দেশি মাছ রক্ষায় গুরুত্বারোপ
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মৎস্য চাষে বাংলাদেশ আজ বিশ্বে ৫ম এবং সামুদ্রিক মৎস্য আহরণে ২৫তম স্থান অর্জন করেছে, যা আমাদের জন্য এক বিশাল গৌরব। এই সাফল্যকে টেকসই করতে হলে আমাদের উন্মুক্ত জলাশয় ও নদীতে মাছের অভয়াশ্রম গড়ে তুলতে হবে এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে হবে।” তিনি অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মা মাছ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুনবী। তিনি বলেন, গলাচিপার মৎস্য সম্পদ আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমরা যদি পরিকল্পিতভাবে অভয়াশ্রম তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে পারি, তবে অচিরেই এই অঞ্চল দেশি মাছে ভরে উঠবে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)। তিনি মৎস্য চাষ ও সংশ্লিষ্ট শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন। আলোচনা সভা শেষে উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষি ও জেলেদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান এবং সচেতনতামূলক সভা।



আপনার মতামত লিখুন