গলাচিপায় র্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
পটুয়াখালীর গলাচিপায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার (৬ অক্টোবর) সকালে পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় এক হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা। গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় সকাল ১১টার দিকে এই অভিযান চালানো হয়। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স’ এবং তার গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়। এছাড়াও মদন পালের দোকান ও তার গোডাউন থেকেও বস্তাভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। স্কোয়াড লিডার রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন মজুদের খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট এক হাজার ২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত পলিথিন বর্তমানে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জব্দ করা পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে পাঠানো হবে। সেখানে এগুলো কেটে নিলামে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।



আপনার মতামত লিখুন