গলাচিপায় যৌথ বাহিনীর অভিযান: ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি আটক
পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে ১০:০০ ঘটিকায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের সদর রোড এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন পৌরসভার সদর রোডের বাসিন্দা নিমাই চন্দ্র হাওলাদার (৩৮) এবং লক্ষণ দেবনাথ (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডের লক্ষণ দেবনাথের নিজ বাসায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, নগদ ২৩ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটককৃতদের মালামালসহ গলাচিপা থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।



আপনার মতামত লিখুন