মাদারগঞ্জে শিক্ষকদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জে শিক্ষকদের সম্মানে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মার্চ রবিবার উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের নষ্ট ও নোংরা রাজনীতি থেকে ফিরে এসে শিক্ষকদের সম্মান, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “বিগত দিনের যে নষ্ট ও নোংরা রাজনীতির সাথে অনেকেই জড়িত ছিলেন, সেখান থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থীরা কেন নিয়মিত স্কুলে আসে না, সে বিষয়ে শিক্ষকদের সচেতন থাকতে হবে।”
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও পাটাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. আ. মোতালিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি রকিব লিটন, মাদরাসা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।



আপনার মতামত লিখুন