মনোহরদীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ
নরসিংদীর মনোহরদীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১মার্চ ২০২৬) বিকাল ৪টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান বলেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। সরকার ভিক্ষাবৃত্তি নিরসনে বিভিন্ন পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় যারা উপকরণ পাচ্ছেন, তারা যেন সেগুলো যথাযথভাবে ব্যবহার করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন এবং সমাজে সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন। তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজ থেকে ভিক্ষাবৃত্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসহায় মানুষদের স্বাবলম্বী হয়ে উঠতে সহায়তা করবে।



আপনার মতামত লিখুন