মাদারগঞ্জে পশ্চিম পলিশায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন
মাদারগঞ্জ প্রতিনিধিঃ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টায় উপজেলার আদারভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খালটি পুনঃখনন করা হলে এ অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।
আগামী ছয় মাসের মধ্যে ১২০০ কি:মি: খাল খনন বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন আহমদ এবং সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদনে নতুন গতি ফিরে আসবে।



আপনার মতামত লিখুন