মাদারগঞ্জে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মডেল থানা, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সকাল ৮টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, ফানুস ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিওসহ অতিথিবৃন্দ। এরপর কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুমন চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন এসিল্যান্ড রাসেল দিও।
এসময় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, সাবেক কমান্ডার শাহজাদা বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ বীর মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। এসময় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দিনব্যাপী কর্মসূচির শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



আপনার মতামত লিখুন