কূটনৈতিক মিশন খোলার বিষয়ে একমত বাংলাদেশ ও আজারবাইজান
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজান একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভের মধ্যে টেলিফোনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলোচনার শুরুতে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও আজারবাইজানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় দুই দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়টিও গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।
বৈঠকে ড. খলিলুর রহমান তার আজারবাইজানি সমকক্ষ জেইহুন বাইরামভকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দুই মন্ত্রীই আশা প্রকাশ করেন, সাম্প্রতিক এই কূটনৈতিক যোগাযোগ এবং সহযোগিতামূলক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

আপনার মতামত লিখুন