কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও ধারন করায় যুবকের ছয় মাসের সাজা
গাজীপুরের কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও ধারণের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম ফখরুল হোসাইন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত যুবক ফুলচান মিয়া(৩৮) রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিন ফানাপুর গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফুলচান তার স্ত্রীকে নিয়ে ৬ মাস আগে সফিপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে। তার স্ত্রী পার্লারে কাজ করে।
এদিকে শনিবার বিকেলে একই বাড়ির ভাড়াটিয়া জনৈক কিশোরী গোসল করতে গেলে ওই যুবক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারন করে। বিষয়টি স্থানীয়রা জানতে পেয়ে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
রোববার বিকেলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এক কিশোরীর গোপনে গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন