খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদের সেবা নিতে এসে হয়রানির অভিযোগ

জাহাঙ্গীর আলম শরিফ
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদের সেবা নিতে এসে হয়রানির অভিযোগ

‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা নিয়ে নানা অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।নাগরিক সনদ, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে এসে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা। নির্ধারিত সময়ে সেবা না পাওয়া, নানা অজুহাতে হয়রানি এবং নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগও রয়েছে ।

‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদটি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষের নাগরিক সেবা গ্রহণের অন্যতম প্রধান প্রতিষ্ঠান এই ইউনিয়ন পরিষদ। তবে ছাত্র-জনতার আন্দোলনের পর তৎকালীন চেয়ারম্যান পরিষদে না আসায় দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এতে নাগরিক সেবা নিতে আসা মানুষের ভোগান্তি বেড়ে যায়।
‎
‎পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনায় চেয়ারম্যান পদ শূন্য থাকা ইউনিয়ন পরিষদগুলোতে নাগরিক সেবা কার্যক্রম সচল রাখতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা বিএডিসি (সেচ) কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
‎
‎তবে একই সঙ্গে দুই দপ্তরের দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসকের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর সুযোগে সাধারণ মানুষকে বিভিন্ন সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
‎
‎সেবাপ্রত্যাশীদের অভিযোগ, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের জন্য একাধিকবার ইউনিয়ন পরিষদে গিয়েও অনেক সময় কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। কেউ কেউ নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগও করেছেন।
‎
‎একজন সেবাপ্রত্যাশী বলেন, “সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। সময়মতো কাজ না হওয়ায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।”
‎
‎অভিযোগের বিষয়ে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “পরিষদের কিছু কর্মকর্তা অনিয়ম করে টাকা নেওয়ার প্রমাণ পেয়েছি। তাদের শোকজ করা হয়েছে। তবে দুই দপ্তরের দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।”
‎
‎কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, “সেবাপ্রত্যাশীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে অনিয়ম ও হয়রানি বন্ধ করে নাগরিকদের সব ধরনের সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে নিশ্চিত করা হোক।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।