খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

ভালুকায় প্রতিবেশীদের হয়রানির অভিযোগ এক নারীর বিরুদ্ধে

হাবিব হাসান
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
ভালুকায় প্রতিবেশীদের হয়রানির অভিযোগ এক নারীর বিরুদ্ধে

ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার লক্ষ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে মনোয়ারা বেগম নামের এক নারীর বিরুদ্ধে। উপজেলার কাঠালী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে সীমানা ও পৈতৃক জমি নিয়ে এই বিরোধের সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালী এলাকার বাসিন্দা বাবুল মিয়া, রফিক মিয়া ও ফজলু মিয়াদের সাথে মনোয়ারা বেগমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ওই নারী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন। অভিযোগে তিনি দাবি করেন, বিবাদীরা বিভিন্ন কৌশলে তার চলাচলের সাধারণ রাস্তা দখল ও অবরুদ্ধ করে রেখেছে।

​তবে অভিযুক্ত পক্ষের দাবি, যে স্থানে টিনের বেড়া দেওয়া বা পথ বন্ধের কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। কোনো সাধারণ বা জনসাধারণের যাতায়াতের রাস্তা বন্ধ করা হয়নি। নিজেদের সীমানায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকা সত্ত্বেও মনোয়ারা বেগম অবৈধ সুবিধা হাসিল এবং প্রতিপক্ষকে সামাজিকভাবে লাঞ্ছিত করার কুমানসে এই মিথ্যা ‘অবরুদ্ধ’ হওয়ার নাটক সাজিয়েছেন।

​এলাকাবাসীর কয়েকজন জানান, জায়গা-জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্বেও একাধিকবার বৈঠক ও সামাজিক সালিশ হয়েছে। তবে মনোয়ারা বেগম সামাজিক সালিশ ও আইনি প্রক্রিয়াকে অমান্য করে অহেতুক প্রতিবেশীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছেন।

​এ বিষয়ে ভুক্তভোগী বাবুল মিয়াসহ অন্য বিবাদীরা জানান, মিথ্যা ও কাল্পনিক তথ্য ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তারা ঘটনাটির সরজমিনে সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস