শ্রীপুরে এক রাতে তিন বাড়িতে গরু চুরি এলাকায় আতঙ্ক
গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে এক রাতের তিন বাড়িতে চারটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে বিএনপি বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের ভাষ্য মতে নেয়ামত মৈশালের বাড়ি থেকে দুটি গরু, কুতুব উদ্দিন ফকিরের বাড়ি থেকে একটি ষাঁড় বাছুর এবং নুরুল ইসলাম ফকিরের বাড়ি থেকে একটি গাভী চুরি হয়েছে।
চুরি হওয়া গাভীটির আগামী ১৮ অক্টোবর বাছুর প্রসবের সম্ভাব্য তারিখ ছিল বলেও জানান মালিক।
স্থানীয় নুরুল ইসলাম মাস্টার জানান, রাতের কোনো একসময় চোরেরা বাড়িতে ঢুকে গরুগুলো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু না পেয়ে বিষয়টি বুঝতে পারেন মালিকরা। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।
এক রাতে পাশাপাশি তিনটি বাড়ি থেকে গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম ঢাকার ডাক কে বলেন, গরু চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, এলাকায় রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে গরু চুরিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]