শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কুটি মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ মো. ফাহমিদুল ইসলাম ফাহমিদ (২৪) নামে হাটহাজারী মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। (ওসি) কামরুজ্জামান পরে সকাল ১০টার দিকে বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের সামনে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত ফাহমিদুল ইসলাম ফাহমিদ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বহেরারচালা নতুন বাজার এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাইওয়ে পুলিশ ও নিহতের চাচা আক্তার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, এ সপ্তাহে মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন ফাহমিদুল। সোমবার রাতে বন্ধু শামীমকে নিয়ে মাওনা এলাকায় চুল কাটাতে যান তিনি। কাজ শেষে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজ স্কুটি বাইকে মাওনা চৌরাস্তার উড়ালসেতুর পশ্চিম পাশ দিয়ে প্রশিকা মোড়ের দিকে যাচ্ছিলেন। স্কুটিটি ফাহমিদুল নিজেই চালাচ্ছিলেন।
তারা মাওনা এলাকার মুড়ির মেইলের কাছে পৌঁছালে ময়লার পানিতে স্কুটির চাকা পিছলে যায়। এতে ফাহমিদুল স্কুটি থেকে সড়কের ডান পাশে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা ফাহমিদুলকে উদ্ধার করে মাওনার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা শামীম আহত হয়েছেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঢাকার ডাক কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানার হেফাজতে নেয়। ট্রাকটি পেছন থেকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গাড়িটি আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]