রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান প্রতিটি মণ্ডপে ২০ হাজার টাকার চেক বিতরণ, পূজায় ওয়াইফাই দেওয়ার ঘোষণা
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি মণ্ডপে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন,আমাদের সবার লক্ষ্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। পূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন,আমরা রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে নগরবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ওয়াইফাইয়ের দাবি জানালে রাসিক প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রতিটি পূজামণ্ডপে ওয়াইফাই সংযোগ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার মোতায়েন,স্বেচ্ছাসেবক টিম গঠন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপ ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা,রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিসর্জন ঘাটে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল মোতায়েন এবং ট্রাফিক ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]