খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী  অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃএম এ মুহিত।

শনিবার বিকেলে মহানগরীর রানীনগরস্থ সিটি হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃমাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে হাসপাতালটি ঘুরে দেখান। পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড ও কেবিন, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃএম এ মুহিত বলেন, রাসিক প্রশাসক মহোদয় আমাকে এখানে নিয়ে এসেছেন। হাসপাতালটি আয়তনে বড় হলেও এর ভবন অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন,প্রশাসক মোঃমাহফুজুর রহমান রিটন এ অঞ্চলের একজন জনপ্রিয় নেতা। তিনি ইতোমধ্যে মানুষের প্রতি তাঁর দরদ ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এই হাসপাতালকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন ও বড় পরিকল্পনা রয়েছে। তাঁর পরিকল্পনাগুলো আমার কাছে বাস্তবসম্মত মনে হয়েছে। রাসিক প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হাসপাতালের উন্নয়নে যতটুকু সম্ভব, আমরা অবশ্যই সহযোগিতা করব। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহযোগিতা করা হবে। আমি এই হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা দেখছি।”

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ হাসপাতালের কোনো উন্নয়ন হয়নি। সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি উপস্থাপন করব। আজকে আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে সিটি হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

রাসিক প্রশাসক আরও বলেন,রাজশাহী নগরীকে আরও পরিচ্ছন্ন,সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে আমি নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ,প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃমামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডাঃতরিকুল ইসলাম বনি সহ অন্যান্য চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃআফরোজ,২৪ নং ওয়ার্ড বিএনপির মোঃ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রজু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস