খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

গুলি করে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় ১দিন পর মামলা, আসামি ১০

মো: আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
গুলি করে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় ১দিন পর মামলা, আসামি ১০

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের প্রাইভেট কারের গতিরোধ করে গুলি ছুড়ে টাকা ছিনতাইয়ের ঘটনার এক দিন পর মামলা হয়েছে। বিষয়টি দৈনিক ঢাকার ডাক কে বলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

রোববার (১১ অক্টোবর) প্রথম প্রহরে দিকে অজ্ঞাত পরিচয়ে ৮ থেকে ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি মো. সুমন মিয়া।

পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় ওই ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। প্রায় ১০টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত প্রাইভেট কারটির গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি ছোড়ে তারা। এ সময় গাড়িতে থাকা বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক মো. হিমেল (২৯) গুলিবিদ্ধ হন। গাড়িচালককে মারধর করা হয় এবং ব্যবস্থাপক মো. ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়।

প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত ঘটনার বর্ণনা দিয়ে জানান, তাঁরা নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে টাকা সংগ্রহ করে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। গাড়িতে থাকা টাকা ভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা দুটি বস্তা নিয়ে যাওয়ার পর অবশিষ্ট বস্তায় এক কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। ছিনতাই হওয়া দুই কোটি ৩০ লাখ টাকা মাওনা চৌরাস্তার ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ কর্তৃপক্ষের।

গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর পেটে গুলি লেগেছিল। বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পুলিশ বিকাশের ডিস্ট্রিবিউশন হাউজের আহত তিন কর্মীকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন,’ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রুজু হয়েছে। এ ঘটনায় পুলিশি তৎপরতা চলমান রয়েছে। অত্যন্ত গুরুত্ব সহকারে পুলিশি কাজ চলমান আছে।’

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস