রাজশাহীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীতে বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বানেশ্বর টু ঈশ্বরদী হাইওয়ের হলিদাগাছী গ্রামে জনৈক সবুজ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ সেলিম মিয়া (৪০), পিতা- মোঃ আফজাল শরীফ, মাতা- মৃত রাজিয়া বেগম। তার স্থায়ী ঠিকানা সাধুরবাজার, নুরুল হকের ভাড়াটিয়া, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। বর্তমানে তিনি আঙ্গারপাড়া, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর এলাকায় বসবাস করছিলেন।
এসআরবি-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে নিজ এলাকা সিলেট ও যশোর থেকে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত গাঁজা সে সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-৫ সূত্র জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাই,ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]