আশুলিয়ায় বালু বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর
ঢাকার সাভারের আশুলিয়ায় বালু বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে ইমান আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডম পার্কের পাশে বাইপাইল-আশুলিয়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমান আলী তার স্ত্রী ময়ুরজান বেগমকে নিয়ে কেনাকাটা শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। জামগড়া ফ্যান্টাসি কিংডম পার্কের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৪৮০) তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ইমান আলী।
এই দুর্ঘটনার পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বাইপাইল-আশুলিয়া সড়কের ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট গড়ে ওঠার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পোশাক কারখানা শ্রমিক বলেন, “প্রতিদিন রাস্তার পাশে ও ফুটপাতে অবৈধ দোকানপাট বসে থাকে। এর ফলে আমরা বাধ্য হয়ে বিপজ্জনকভাবে মূল রাস্তা দিয়ে চলাচল করি। আজ ফুটপাত ফাঁকা থাকলে হয়তো ইমান আলীকে এভাবে প্রাণ দিতে হতো না।”
দুর্ঘটনার খবর পেয়ে আশুলিয়ার জামগড়া পুলিশ ফাঁড়ির সদস্য এবং ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]