শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ সিএনজির দাপট, চলছে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলাচল করছে নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা। মহাসড়কের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার থেকে বাঘের বাজার পর্যন্ত কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে বলে স্থানীয়দের দাবি। এসব যানবাহনের অনেকগুলোর নম্বরপ্লেট নেই বলেও অভিযোগ রয়েছে।
ব্যস্ততম এই মহাসড়কে দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করছে এসব তিন চাকার যান। পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী ও সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহন চলাচল করলেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। এমনকি কিছু যানবাহন নম্বরপ্লেট ছাড়াই চলাচল করছে। গোপন সূত্রের বরাতে অভিযোগ উঠেছে, এসব অবৈধ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তিকে মাসিক অর্থ দেওয়া হয়। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। হাইওয়ে থানায় ফিরে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
সচেতন মহলের দাবি, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে বাঘের বাজার পর্যন্ত নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে দ্রুত কার্যকর অভিযান চালাতে হবে। একই সঙ্গে মহাসড়কে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]