চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস উল্টে ১ জন নিহত, আহত ৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহন নামের একটি বাস উল্টে একজন নিহত ৬ জন আহত হয়েছেন। রোববার ( ১৯ জুলাই ) সকাল সাড়ে ৮টার দিকে ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



আপনার মতামত লিখুন