খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনের দ্য ডিফিকাল্ট ব্রাইড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনের দ্য ডিফিকাল্ট ব্রাইড

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ আরও একবার উজ্জ্বল করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি কমপিটিশন বিভাগে। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।দুই দশকের দীর্ঘ প্রস্তুতি শেষে নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মাণ করেছেন ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে গল্পটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন তিনি। চিত্রনাট্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক ফান্ড।

সিনেমার গল্পে উঠে এসেছে এক তরুণীর জীবনসংগ্রাম। রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা সেই তরুণী এক জটিল রোগে আক্রান্ত। সুস্থতার জন্য নানা ঘরোয়া উপায় অবলম্বন করেও ব্যর্থ হলে তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে। একসময় একটি বিউটি পার্লারে গিয়ে সে কল্পনায় দেখতে শুরু করে লম্বা চুলের এক রহস্যময় নারীকে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন করিম। এছাড়া গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস। বিভিন্ন বিভাগের কাজেও যুক্ত ছিলেন আন্তর্জাতিক কলাকুশলীরা। রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকেরা।ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুবাইয়াত হোসেন বলেন, ‘দেশের সিনেমা দিয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারছি, এটা আমার জন্য অনেক সম্মানের। এটা আমার স্বপ্নপূরণের গল্প। আমি চাই, দেশের সিনেমা আরও ভালো জায়গায় যাক।আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা জায়গা পাওয়াতে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক অঙ্গনে আগেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস