হজযাত্রীগণের যৌক্তিক খরচে, হয়রানিমুক্ত হজ প্যাকেজ তৈরিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে
বিশেষ প্রতিনিধি: সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ যাত্রায় বাংলাদেশী হজযাত্রীগণের জন্য যৌক্তিক খরচে, হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ তৈরিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
৩০ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার), বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার – ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
প্রতিমন্ত্রী বলেন, গত বছর আমরা টিকিট প্রতি খরচ ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছিলাম। এ বছর আমরা টিকিট প্রতি খরচ আরো ২৫ হাজার টাকা কমিয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ হতে সৌদি সরকারকে বিমান টিকেটের উপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশী হাজীদের আবাসন খরচ কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা আরোপের বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে।
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়ন করার যাত্রায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া হজযাত্রীদের সাথে কোনরূপ প্রতারণা করা হলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, বাংলাদেশের হজযাত্রীদের মাত্র পাঁচ শতাংশের মতো সরকারি মাধ্যমে হজ পালন করে থাকেন, বাকি ৯৫% বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যান। তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করা হতে বিরত থাকার জন্য এজেন্সি মালিকদেরকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নেতৃবৃন্দসহ হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
ঢাকার ডাক নিউজ



আপনার মতামত লিখুন