রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাসিকের সার্বিক সহযোগিতায় ‘প্রকল্প শিকড়’ নামে মহানগরীর ৩০টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সারাদেশে বৃক্ষরোপণ চলছে। রাজশাহী সিটি কর্পোরেশন নগরজুড়ে ২.৫ লাখ চারা রোপণ করছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানও রাসিকের সহযোগিতায় বৃক্ষরোপণ করছে। আগামী দুই বছরের মধ্যে রাজশাহী আরও সবুজ নগরীতে পরিণত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহীকে সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফার অনেক দফা বাস্তবায়িত হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের ভাতা ও খাল খনন কর্মসূচি চলমান রয়েছে।
অনুষ্ঠানে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম,সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকার, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের,নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ও রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন