রমজানের প্রস্তুতি
কেজিতে ১৭ টাকা কমে মসুর ডাল কিনবে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজি মসুর ডালের দাম বাজারদরের তুলনায় ১৭ টাকা ৯ পয়সা কম পড়বে। এমনকি দাপ্তরিক দরের থেকেও কম দামে এই মসুর ডাল পাওয়া যাচ্ছে।
আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই মসুর ডাল কেনার প্রস্তাব দেবে বাণিজ্য মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি অনুমোদন দিলে কারওয়ান বাজারের শবনাম ভেজিটেবল অয়েল থেকে এই মসুর ডাল কেনা হবে। পবিত্র রমজান উপলক্ষে আগামী মার্চ মাসে কেনা হবে এই ডাল।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে টিসিবির বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২ লাখ ৮৮ হাজার টন মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯২ হাজার ৯৫০ টন মসুর ডাল কেনার চুক্তি করেছে সরকার।
নতুন করে আরও ১০ হাজার টন মসুর ডাল স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার পরিকল্পনা নেওয়া হয়। তার আলোকে গত ৯ ডিসেম্বর উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ সময় ছিল ২৩ ডিসেম্বর, বৈধতার মেয়াদ ধরা হয় চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।



আপনার মতামত লিখুন