ছবিযুক্ত তালিকা হচ্ছে জুলাই আন্দোলনে আহতদের
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে আহতদের তালিকাভুক্তির কাজ চলমান আছে। এখন পর্যন্ত আহত ১২ হাজার ৩৮০ জনের নাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় যুক্ত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি নিহতদের তালিকার গেজেট প্রকাশ হলেও আহতদের তালিকার কোনও গেজেট এখনও প্রকাশ করা হয়নি। তালিকায় এবার নামের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ ছবি যুক্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তালিকা হালনাগাদ করার বিষয়ে এবং স্বাস্থ্য কার্ড বিতরণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি সভায় আহতদের তালিকায় ছবি যুক্ত করার প্রস্তাব দেন।
বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিল দেবে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল : আন্দোলনে আহত যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, তাদের চিকিৎসার খরচ ফেরত দেবে সরকার। এ জন্য তাদের আবেদন এবং বিল দাখিল করতে হবে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে, অথবা সংশ্লিষ্ট সিভিল সার্জনের অফিসে। সেল প্রাপ্ত বিল যাচাই-বাছাই করার জন্য স্বাস্থ্য অধিদফতরে পাঠাবে, সেখান থেকে যাচাই-বাছাই শেষে পুনরায় বিলটি সেলে পাঠানো হবে। সিভিল সার্জন অফিসও বিল যাচাই-বাছাই করে সেলে পাঠাবে। বিশেষ সেল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিল পরিশোধের ব্যবস্থা করবে। এর আগে বিলসহ আবেদন করা লাগতো স্বাস্থ্য অধিদফতরে। সেদিনের সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বিল পরিশোধ সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরেন। এরপর সেলের মাধ্যমে বিল পরিশোধের সিদ্ধান্ত হয়।
বিদেশে চিকিৎসার দেখভাল করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় : আন্দোলনে গুরুতর আহতদের বিদেশে পাঠানোর ও চিকিৎসার দায়িত্ব স্থানান্তর করা হয়েছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে। তবে আহত রোগীদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করবে স্বাস্থ্যসেবা বিভাগ। এ প্রসঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর। সেটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকবে। এই অধিদফতরের কাজ হচ্ছে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন। তাই বিদেশে চিকিৎসার দায়িত্ব সেখানে হস্তান্তর করা হয়েছে। কারণ এটি ফলোআপের ওপর রাখতে হবে।



আপনার মতামত লিখুন