এমপি আলহাজ্ব এম এ হান্নান
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া রাষ্ট্রীয় দায়িত্ব
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।
২৬ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা সমাজ কল্যান কর্মকর্তার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ হান্নান বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ৭১ সালে এই মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করাতে আজ আমি স্বাধীন দেশের সংসদ সদস্য হতে পেরেছি। সুতরাং সকল মুক্তিযোদ্ধাদের যথাযথ মুল্যায়ন ও মর্যাদা দিতে হবে।

আমি অতীতে যেভাবে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহাদাৎ হোসেন সাবু পাটোয়ারী ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু তাহের। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুন পাঠান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জিল হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক আমানত গাজী, মাসুদ আলম ও আব্দুর রহমান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের খাবার বিতরন ও বিশেষ উপহার বিতরন করা হয়।



আপনার মতামত লিখুন