দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা, ব্যবস্থা নেবে সরকার
ঢাকা, ১৫ জুন: ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করায় বলে জানা যায়। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে অপেক্ষার পর ডা. জাহেদ উর রহমান দিল্লিতে না থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে রাতেই তিনি দিল্লি ত্যাগ করে কলম্বোর উদ্দেশে রওনা হন। সেখান থেকে সোমবার দুপুরে দেশে ফিরে আসেন।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে আইওআরএর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধিদলের নির্ধারিত নেতৃত্বদানকারী কর্মকর্তার এভাবে বৈঠকে অংশ নিতে না পারা কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ঘটনাটির প্রেক্ষাপট ও কারণ জানতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আপনার মতামত লিখুন