নেত্রকোণায় মাদকবিরোধী গণসচেতনতা তৈরিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বর্তমান সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ১০টি উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। তাদের মাদকবিরোধী কার্যক্রমে ‘মেন্টর প্রশিক্ষক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণার গণশিক্ষা কর্মকর্তা এ.কে.এম. মুক্তাছিমবিল্লাহ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তারা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদের সম্পৃক্ত করে পারিবারিক পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং একটি সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হবেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মাদক প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাউন্সেলিং বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।



আপনার মতামত লিখুন